এবার এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি: ডা. দীপু মনি
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। দিনাজপুরে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। যেটি হয়েছে, সেটি একজন কেন্দ্র সচিব ভুলে অনেকগুলো প্রশ্নের প্যাকেট একসঙ্গে নিয়ে চলে গেছে। এটি কীভাবে হলো সেই বিষয়ে তদন্ত হচ্ছে। ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (০১ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যে, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। শুধু বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব নয়, প্রযুক্তি ব্যবহারে দক্ষ এবং প্রযুক্তি উদ্ভাবনেও দক্ষ সৃজনশীল মানবিক মানুষ হবে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মিথ্যার আশ্রয় নিচ্ছে। কিন্তু কোনোভাবে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষাকে শিক্ষা থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ নৈতিক শিক্ষা অবশ্যই সঠিক শিক্ষার একেবারেই অবিচ্ছেদ্য অংশ। আর একইসঙ্গে মানবিক মানুষ হওয়ার যে শিক্ষা, সৃজনশীল শিক্ষা, বিজ্ঞানের শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, ইতিহাসের শিক্ষা, সামাজিক বিজ্ঞানের শিক্ষা, সেগুলো আমরা আমাদের শিক্ষার্থীদের শেখাবো।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসাইন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।